ন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা
বগুড়া সদর উপজেলার ফাঁপোড় গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
অভিযুক্তরা হলেন—ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের মৃত লাল চান ফকিরের ছেলে মাহবুবুর রহমান, যিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন হিসেবে কর্মরত; একই এলাকার আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন এবং মৃত আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম।
স্থানীয়দের দাবি, ঘটনার বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার এলাকাবাসী আলমগীর হোসেন ও শহিদুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অন্যদিকে মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। এ সময় অভিযুক্তরা তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি স্বামী জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, দুইজনকে আটক করা হয়েছে এবং পলাতক আরেক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্রষ্টব্য: এই ঘটনায় ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তদের অপরাধ আইনগতভাবে প্রমাণিত নয়।












