নওগাঁর বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামে খাড়িতে (খালের সংকীর্ণ অংশ) গোসল করতে নেমে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২) এবং তার স্ত্রী বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮)।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে গোসল করার জন্য প্রথমে নুর ইসলাম খাড়ির পানিতে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে পানির ওপরে দেখতে না পেয়ে স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেন। এরপর দুজনই পানির নিচে তলিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।












