আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ থাকা সত্ত্বেও ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতিতে অটল রয়েছে মালয়েশিয়া। মার্কিন কংগ্রেসের কিছু সদস্য কুয়ালালামপুরের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানালেও এ বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি দেশটি।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুবকে তলব করে। সেখানে মালয়েশিয়ার রাষ্ট্রদূত দেশটির দীর্ঘদিনের সরকারি নীতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার বিষয়টি নতুন কোনো নীতি নয় কিংবা সাম্প্রতিক কোনো ঘটনার প্রতিক্রিয়াও নয়। বরং স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার একই অবস্থান অনুসরণ করে আসছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা-এর বরাতে মোহামাদ হাসান বলেন, “এটি সব সময়ই মালয়েশিয়ার নীতি। আমাদের অভিবাসন নীতিতে ইসরাইল রাষ্ট্র বা জায়নবাদী শাসনকে স্বীকৃতি দেওয়া হয় না। এটি দীর্ঘদিনের একটি অটল অবস্থান।”
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অন্যতম মালয়েশিয়ার সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সংহতি ও সমর্থনের অংশ হিসেবে দেশটি ইসরাইলি পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও বহাল রেখেছে।
এর আগে, ১৫ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার নীতির প্রতি তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যও সেই অবস্থানেরই পুনরাবৃত্তি।
তথ্যসূত্র: বারনামা












