Home সারাদেশ ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

0
12
ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা |

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, পুলিশের অভিযানের খবর পেয়ে ডেভিড ইমন দেশ ছাড়ার পরিকল্পনা করেন। বুধবার ভোরে ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালানোর কথা থাকলেও তার আগেই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, সীমান্তের ওপারে তাকে গ্রহণের জন্য একটি পক্ষও প্রস্তুত ছিল।

গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে নিয়ে ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ফটিকছড়ির একটি মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন জানিয়েছেন, তার কাছে দেশি ও বিদেশি—দুটি পাসপোর্ট রয়েছে এবং তিনি নিয়মিত বিভিন্ন দেশে যাতায়াত করতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুবাইয়ে অবস্থানরত পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ডেভিড ইমন এবং তার নির্দেশনায় চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

📌 সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here