বিডি ভিউজ বাংলা | নিজস্ব প্রতিবেদক:
সরকারি অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে রাষ্ট্রীয় পর্যটন অবকাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীন পরিচালিত হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বার, পিকনিক স্পট ও পর্যটন তথ্যকেন্দ্রসহ ৫৩টি পর্যটন স্থাপনাকে ধাপে ধাপে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় বলছে, দীর্ঘদিন ধরে কর্পোরেশনের বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আশানুরূপ লাভ করতে পারছে না। ফলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে এসব স্থাপনার আধুনিকায়ন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এই উদ্যোগের প্রথম বড় প্রকল্প হিসেবে কক্সবাজারের হোটেল শৈবালকে আধুনিক আন্তর্জাতিক পর্যটন কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ১৩২ একর সরকারি জমির ওপর গড়ে ওঠা এ প্রকল্পে ২ হাজার থেকে ৩ হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের হোটেল, ওয়াটার ভিলা, লাক্সারি কটেজ, ফুড কোর্ট, গেমিং জোন, শিশু পার্ক, এমিউজমেন্ট পার্ক, ৩ডি সিনেপ্লেক্স, শপিং আর্কেড এবং বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার বিভিন্ন সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের লক্ষ্য শুধু লোকসান কমানো নয়; বরং বেসরকারি খাতের দক্ষতা, আধুনিক ব্যবস্থাপনা ও বিনিয়োগের মাধ্যমে পর্যটন সুবিধাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং রাজস্ব আয় বৃদ্ধি করা।
প্রকল্প বাস্তবায়নের জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ভারতের সাতটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। নির্বাচিত পরামর্শক মাস্টার প্ল্যান, সম্ভাব্যতা যাচাই, আর্থিক মডেল এবং দরপত্র নথি প্রস্তুত করবে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের সময় শৈবাল এলাকার প্রাকৃতিক পরিবেশ ও স্বাদু পানির জলাশয় সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কোনো জলাশয় ভরাট করা হবে না এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা হবে।
সরকারের আশা, পিপিপি মডেলের মাধ্যমে নতুন বিনিয়োগ আসবে, পর্যটকদের জন্য উন্নত সেবা নিশ্চিত হবে, সরকারের উন্নয়ন ব্যয় কমবে এবং দেশের পর্যটন খাত আরও বাণিজ্যিকভাবে টেকসই হয়ে উঠবে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)












