স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদের বিস্তারিত সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং আইন অনুযায়ী যোগ্য নাগরিকরা ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
এছাড়া, সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে জমা পড়া আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আবেদনগুলোর ওপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে ২৮ আগস্ট এবং ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন গ্রহণে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতাদের মাধ্যমে ঘোষণা দেওয়ার পাশাপাশি স্থানীয় সাংবাদিক এবং কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখেই ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।








