Home রাজনীতি রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করলে মানুষ মেনে নেবে না: শফিকুর রহমান

রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করলে মানুষ মেনে নেবে না: শফিকুর রহমান

0
5
রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করলে মানুষ মেনে নেবে না: শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক | বিডি ভিউজ বাংলা

📌 প্রকাশ: ১১ আগস্ট ২০২৬
📌 আপডেট: ১১ আগস্ট ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রংপুরে বেশি আসন পাওয়ায় এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। রংপুরের মানুষ এ ধরনের বৈষম্য মেনে নেবে না।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য সামনে দিকে আর হাত বাড়াবেন না, আর পা বাড়াবেন না। পরিণতি ভালো হবে না।” তিনি আরও বলেন, “আপা যে পথে হেঁটেছেন, আপনারাও সেই পথে হাঁটছেন। এভাবে চললে টিকে থাকতে পারবেন না।”

জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এ দেশে থাকা হবে না। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, যুবকরা এখন প্রতিবাদ করতে শিখেছে। বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। যারা ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়ে এখন ‘না’ বলছেন, তারাও একদিন জনতার রায়ের মুখে টিকে থাকতে পারবেন না বলে মন্তব্য করেন।

দেশের বিভিন্ন স্থানে চুরি, চাঁদাবাজি ও লুটপাট বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে হবে। দেশের স্বার্থে প্রয়োজনে একবার নয়, শতবার রাজপথে নামার কথাও বলেন তিনি।

দুই শিবির কর্মী হত্যার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক, তারা তা চান না। তিনি রাজনৈতিক নেতাকর্মীদের সংঘাতে না জড়ানোর আহ্বান জানান।

সমাবেশে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপি ও গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কাজামীসহ স্থানীয় নেতারা।

এর আগে শফিকুর রহমান শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি তাদের কবর জিয়ারত করেন।

রাজনীতি ডেস্ক | বিডি ভিউজ বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here