জাতীয় নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি ভারতের পক্ষ থেকে আলাদাভাবেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাই প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।”
দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যেও যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠকও হতে পারে। ‘র’ প্রধানের বাংলাদেশ সফর কোনো গোপন বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ার প্রত্যয়
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে তৈরি হবে বলে জানান জাহেদ উর রহমান। তার ভাষায়, গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে।
শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, “এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।”
সূত্র: ইত্তেফাক












