Home সারাদেশ থানার হাজতে আওয়ামী লীগ নেতাদের ভিডিও ভাইরাল, সাতক্ষীরা সদর থানার ওসি প্রত্যাহার

থানার হাজতে আওয়ামী লীগ নেতাদের ভিডিও ভাইরাল, সাতক্ষীরা সদর থানার ওসি প্রত্যাহার

0
8

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৮ আগস্ট ২০২৬

সাতক্ষীরা সদর থানার হাজতের ভেতরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় ডিউটি অফিসার পিংকি রায় ও সহকারী ডিউটি অফিসার এনিভা খাতুনকেও বদলি করা হয়েছে।

সোমবার সাতক্ষীরা জেলা পুলিশ এ সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ১৫ আগস্ট সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে অভিযোগ ওঠে, থানার ভেতরে ওসির বিশেষ অনুমতি নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী হাজতের সামনে গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে জেলা তাঁতী লীগের এক নেতাকে হাজতের ভেতর থেকে বিভিন্ন রাজনৈতিক স্লোগানসহ বক্তব্য দিতে দেখা যায়।

সিসিটিভিতে ভিডিও ধারণের দৃশ্য থাকার দাবি

সাতক্ষীরা সদর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৫ আগস্ট দুপুর সাড়ে ২টার দিকে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর কবিরসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী থানায় অবস্থান করছিলেন।

এ সময় আর্জেন্টিনার জার্সি পরা এক ব্যক্তি থানায় এসে অনুমতি নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং ভিডিও ধারণ করেন। ঘটনাটির ভিডিও থানার সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন ওই কর্মকর্তা।

ছাত্রদলের বিক্ষোভ

এ ঘটনায় সোমবার বিকেলে ওসির স্থায়ী অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।

এ সময় অভিযোগ করা হয়, ভুক্তভোগীদের সহযোগিতা করার পরিবর্তে আর্থিক বা রাজনৈতিক স্বার্থে কাউন্টার মামলা বা পাল্টাপাল্টি মামলা দেওয়ার প্রবণতা ছিল। এমন ভূমিকার কারণে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মনজুরুল আলম বাপ্পিসহ নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ার অভিযোগও তোলা হয়েছে।

পুলিশের বক্তব্য ভিন্ন

তবে ভিডিও ধারণের ঘটনা সম্পর্কে ভিন্ন বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার

তিনি বলেন, ভিডিও ধারণের বিষয়টি পুলিশের জানা নেই। ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলির বিষয়টিও নিয়মিত বদলির অংশ বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সদ্য প্রত্যাহার হওয়া সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সূত্র: স্থানীয় পুলিশ সূত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here