স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
সাবেক জাতীয় সংসদের স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আইন ও রাজনীতিতে দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের অন্যতম অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সাংবিধানিক প্রয়োজনের সময় দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
রাজনীতিতে দীর্ঘ অবদানের জন্য তিনি বিভিন্ন মহলে সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
বিডি ভিউজ বাংলা পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।








