ক্যাম্পাস ডেস্ক | বিডি ভিউজ বাংলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে সহজ যাতায়াত নিশ্চিত করতে চালুর ঘোষণা দেওয়া ই-কার সেবা প্রতিশ্রুতির তিন মাস পরও পুনরায় চালু হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে পরীক্ষামূলকভাবে পাঁচটি ই-কার চালু করা হয়। তবে চালকদের লোকসান, ভাড়া-সংক্রান্ত জটিলতা এবং যান্ত্রিক ত্রুটির কারণে চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে সেবাটি বন্ধ হয়ে যায়।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) ৪ এপ্রিলের মধ্যে ই-কার সেবা পুনরায় চালুর আশ্বাস দিলেও তিন মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।
শিক্ষার্থীদের ক্ষোভ
শিক্ষার্থীদের অভিযোগ, ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য মাত্র পাঁচটি ই-কার শুরু থেকেই প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। সেবাটি বন্ধ হয়ে যাওয়ায় ক্যাম্পাসে চলাচলে ভোগান্তি আরও বেড়েছে।
আইন বিভাগের শিক্ষার্থী শেখ রাফিন আহমেদ বলেন, “প্রতিশ্রুতি দেওয়ার পরও সেবা চালু না হওয়া ব্যবস্থাপনার দুর্বলতা ও জবাবদিহিতার অভাবের পরিচায়ক।”
আরেক শিক্ষার্থী ফুয়াদুল ইসলাম ভুঁইয়া বলেন, “শুরু থেকেই এটি একটি লোকদেখানো প্রকল্পে পরিণত হয়েছে।”
কর্তৃপক্ষ যা বলছে
এ বিষয়ে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ই-কার চালু বা বন্ধের বিষয়টি সম্পূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) দায়িত্ব।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, নতুন প্রশাসনের সঙ্গে এ বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতা, ব্যয় এবং পরিচালনাগত বিষয় বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।










