অর্থনীতি ডেস্ক, বিডি ভিউজ বাংলা: শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য মূল কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান এবং অংশীদারদের কাছ থেকে আন্তঃকোম্পানি ঋণ (Intercompany Loan) গ্রহণের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ লক্ষ্যে বুধবার (১৬ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং এর বাইরের শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ ধরনের ঋণ গ্রহণের জন্য আর বাংলাদেশ ব্যাংকের পৃথক পূর্বানুমতি নিতে হবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক বছরের কম মেয়াদের সাধারণ চলতি মূলধনের (Working Capital) জন্য প্রতিষ্ঠানগুলো বিনা সুদে ঋণ নিতে পারবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না। তবে ঋণ গ্রহণসংক্রান্ত ব্যয় বার্ষিক ৩ শতাংশের বেশি হতে পারবে না।
এছাড়া এক থেকে পাঁচ বছর এবং পাঁচ বছরের বেশি মেয়াদি ঋণের অর্থ শুধুমাত্র মূলধনি ব্যয়ে ব্যবহার করতে হবে। এর মধ্যে মূলধনি যন্ত্রপাতি ক্রয়, নির্মাণকাজ এবং সংশ্লিষ্ট সেবার ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।
নতুন নীতিমালা অনুযায়ী, এক থেকে পাঁচ বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে বিনা সুদে সর্বোচ্চ ৫ কোটি মার্কিন ডলার এবং সুদসহ সর্বোচ্চ ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত ঋণ নেওয়া যাবে।
অন্যদিকে, পাঁচ বছরের বেশি মেয়াদি ঋণের ক্ষেত্রে এককালীন পরিশোধের সুযোগ রাখা হয়নি।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সুদযুক্ত ঋণের ক্ষেত্রে ঋণ-ইকুইটি (Debt-Equity) অনুপাত সর্বোচ্চ ৮০:২০ হতে হবে। তবে বিনা সুদের ঋণের ক্ষেত্রে এ ধরনের কোনো সীমাবদ্ধতা থাকবে না।
ঋণের অর্থ অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পরিচালিত বৈদেশিক মুদ্রা (Foreign Currency) হিসাবের মাধ্যমে গ্রহণ ও পরিশোধ করতে হবে। এছাড়া প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে হবে।
নতুন এ উদ্যোগ বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার এবং শিল্প খাতে বৈদেশিক বিনিয়োগ সহজ করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










