নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অন্যদিকে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে এবং বন্দরনগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
শুক্রবার ভোর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর, আগারগাঁও, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক এলাকায় যান চলাচলও ধীরগতিতে চলছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৮ মিলিমিটার। তবে শুক্রবার ভোর ৬টার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পুরো জুলাই মাসজুড়েই কম-বেশি বৃষ্টির প্রবণতা থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার সকালের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, নিচু এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের ভূমিধসের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকার জেলে ও ছোট নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।








