Home জাতীয় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, দেওয়া হবে সার-বীজ: কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, দেওয়া হবে সার-বীজ: কৃষিমন্ত্রী

0
2
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, দেওয়া হবে সার-বীজ: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬

কুমিল্লা: সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে বড় ধরনের সহায়তার প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তালিকা চূড়ান্ত হলেই মিলবে কৃষি উপকরণ

কৃষিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল এবং কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।’

তিনি আরও জানান, এই তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন প্রয়োজনীয় কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত আবার কৃষিকাজে ফিরে যেতে পারেন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিক

প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের পাশে দাঁড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় আন্তরিক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের সুযোগ নেই

এদিকে, বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনও রয়ে গেছে। তবে সবাইকে বুঝতে হবে, প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here