আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ১৩ জন বিদেশি নেতাকে নিয়ে একটি কথিত ‘টার্গেট তালিকা’ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী রক্ষণশীল গণমাধ্যম হামশাহরি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের শাসনব্যবস্থার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হামশাহরির অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ নেতার ছবি ও নাম অন্তর্ভুক্ত ছিল।
এর আগে এক বিবৃতিতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, “প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং এটি বাস্তবায়িত হবে।” তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি।
এএফপির তথ্য অনুযায়ী, হামশাহরির প্রকাশিত ইনফোগ্রাফিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসসহ মোট ১৩ জন বিদেশি নেতার ছবি প্রকাশ করা হয়।
তবে তালিকাটি ইরানের সরকার বা শীর্ষ নীতি-নির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এটি কেবল হামশাহরির অনলাইন সংস্করণে প্রকাশিত হলেও পত্রিকাটির প্রিন্ট সংস্করণে স্থান পায়নি বলে জানিয়েছে এএফপি।
ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতের সময় কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়। তেহরানের মতে, এ কারণে ওই দেশগুলোও সংঘাতে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে বিবেচিত হয়েছে।
এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: এএফপি










