প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীসহ প্রতিনিধিদলের সদস্যদের অভিনন্দন জানান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্যে তিনি গর্ব প্রকাশ করেন এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধা বিকাশে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি তাদের নতুন উদ্ভাবনী উদ্যোগে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
প্রতিনিধিদল জানায়, তারা আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশ নেবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তাদের সাফল্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন প্রধানমন্ত্রী। এছাড়া দলের অন্যান্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী তরুণদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণরাই নেতৃত্ব দেবে।
প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।
Home সর্বশেষ সংবাদ স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ












