নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে অপারেটর নিয়োগসংক্রান্ত চুক্তিসহ প্রয়োজনীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ডিসেম্বর থেকেই সীমিত পরিসরে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হতে পারে।
সোমবার (২০ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে অনুষ্ঠিত ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে এবং প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধও শুরু হয়েছে। এ কারণে সরকার ডিসেম্বর থেকেই টার্মিনালটি চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
তবে তিনি জানান, টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা থাকা জাপানি কোম্পানিগুলোর কনসোর্টিয়ামের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। এ বিষয়ে সরকারের একাধিক মন্ত্রী পর্যায়ের বৈঠক হলেও সমঝোতা চূড়ান্ত হয়নি।
বেবিচক চেয়ারম্যানের আশা, আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অপারেটর নিয়োগের চুক্তি সই হতে পারে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে ডিসেম্বর থেকে থার্ড টার্মিনালের আংশিক কার্যক্রম চালু করা সম্ভব হবে।
সম্পূর্ণ কার্যক্রম শুরু হওয়ার আগে টার্মিনালের পরিচালনা, যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন প্রস্তুতি ধাপে ধাপে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।










