আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরানের ভূখণ্ড বা জাতীয় অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যারা যেকোনোভাবে সহায়তা করবে, তাদেরও পাল্টা হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগাচি বলেন, “আমাদের জাতীয় অবকাঠামোসহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যেকোনো আগ্রাসনের তীব্র ও নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব।”
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলায় সরাসরি অংশ নেওয়া বা যেকোনো ধরনের সহায়তা প্রদানকারী প্রতিটি পক্ষকেই তেহরান “বৈধ লক্ষ্যবস্তু” হিসেবে বিবেচনা করবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা হামলা চালাবে।
ট্রাম্পের ওই হুঁশিয়ারির পর আরাগাচির পাল্টা বার্তায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।
সূত্র: আল-জাজিরা












