Home জাতীয় গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসি ও স্পিকারকে চিঠি জামায়াতের

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসি ও স্পিকারকে চিঠি জামায়াতের

0
9
গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসি ও স্পিকারকে চিঠি জামায়াতের

জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বৃহস্পতিবার (২৩ জুলাই) পাঠানো ওই চিঠিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে পাঠানো চিঠিতে বহিষ্কারের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একই চিঠির অনুলিপি অবগতির জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

এর আগে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে দলীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে জামায়াতে ইসলামী।

সূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানো চিঠি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here