Home সর্বশেষ সংবাদ মাদারীপুরে বিট পুলিশিং সভায় হত্যা মামলার আসামির উপস্থিতি, তদন্তের আশ্বাস পুলিশের

মাদারীপুরে বিট পুলিশিং সভায় হত্যা মামলার আসামির উপস্থিতি, তদন্তের আশ্বাস পুলিশের

0
15
মাদারীপুরে বিট পুলিশিং সভায় হত্যা মামলার আসামির উপস্থিতি, তদন্তে পুলিশ

মাদারীপুর প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা

মাদারীপুরের শিবচর উপজেলায় বিট পুলিশিংয়ের একটি মাদকবিরোধী মতবিনিময় সভায় ছাত্র হত্যা মামলার এক আসামির উপস্থিতিকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কুতুবপুর বাজারে শিবচর থানা পুলিশের উদ্যোগে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান এবং বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর রহমান।

স্থানীয়দের অভিযোগ, সভায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজাহার হাওলাদার উপস্থিত ছিলেন। তাদের দাবি, তিনি ছাত্র হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এবং সাম্প্রতিক একটি গাড়ি পোড়ানোর মামলারও আসামি। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ মাদবর সামুসহ আরও কয়েকজন নেতাকর্মী সভায় অংশ নেন বলে অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদ জানিয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাকাউল বিল্লাহ বকুল জমাদ্দার বলেন, বিট পুলিশিং সভার বিষয়ে তাদের জানানো হয়নি। পরে জানতে পারেন, সেখানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র হত্যা মামলার এক আসামিও উপস্থিত ছিলেন, যা দুঃখজনক।

কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আজিজুল মোড়ল বলেন, যাদের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে এবং যাদের কারাগারে থাকার কথা, তারা কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একই সভায় অংশ নেন—এ প্রশ্নের জবাব প্রয়োজন।

এ বিষয়ে বিট অফিসার এসআই রিয়াজুর রহমান বলেন, তারা এলাকায় নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। সভায় উপস্থিত সবাইকে ব্যক্তিগতভাবে চেনার সুযোগ তাদের হয়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “মতবিনিময় সভায় ছাত্র হত্যা মামলার কোনো আসামির উপস্থিতি সত্যিই অত্যন্ত দুঃখজনক। পরিদর্শক (তদন্ত) ও বিট অফিসার—দুজনই থানায় নতুন এসেছেন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি সরকারি সভায় কীভাবে মামলার একজন আসামি উপস্থিত থাকতে পারলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here