জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউ ইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে একাধিক সাইডলাইন বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রীর এবারের নিউ ইয়র্ক সফর হবে সংক্ষিপ্ত। তিনি সেখানে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ত্যাগ করতে পারেন।
জানা গেছে, সীমিতসংখ্যক সফরসঙ্গী নিয়ে সফরে যাবেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।











