Home রাজনীতি শাপলা চত্বর গণহত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শাপলা চত্বর গণহত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
9
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ; ১৬ আগস্ট পরবর্তী শুনানি

ঢাকা | বিডি ভিউজ বাংলা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মামলার মোট আসামি ৪১ জন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আদালতে দুটি অভিযোগ উপস্থাপন করেন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জন নিহত হওয়ার এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আরও ২৬ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়।

প্রসিকিউশনের দাবি, তৎকালীন সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিত অভিযান পরিচালনা করে এবং এতে একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং অন্য মামলায় গ্রেপ্তার থাকা কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক পুলিশ, র‌্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন, আর বাকিদের পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দৈনিক আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here