জাতীয় নিউজডেস্ক, বিডি ভিউজ বাংলা:
রাজনৈতিক উত্তেজনার মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির গাড়িবহরটি হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ গাড়িবহরটি থামিয়ে দেয়।
গাড়িবহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে দলটি। এনসিপির দাবি, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়, এতে কয়েকজন আহত হন।
এ ঘটনায় বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মৌলভীবাজার-হবিগঞ্জ সীমান্তসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, “সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।”
সূত্র: স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম প্রতিবেদন।












