Home আন্তর্জাতিক ফ্রান্সের দাবানলে হুমকির মুখে ক্ষেপণাস্ত্র কারখানা ও মহাকাশ শিল্প

ফ্রান্সের দাবানলে হুমকির মুখে ক্ষেপণাস্ত্র কারখানা ও মহাকাশ শিল্প

0
4
ফ্রান্সের দাবানলে হুমকির মুখে ক্ষেপণাস্ত্র কারখানা ও মহাকাশ শিল্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | BD Views Bangla

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল দেশটির গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাগুলোর জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। বোর্দোর কাছাকাছি ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক গবেষণা কেন্দ্র এবং মহাকাশ শিল্প-কারখানাগুলোকে ঘিরে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের চতুর্থ বড় তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। মঙ্গলবার (২৮ জুলাই) থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা এ সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীদের অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।

রোববার আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আমরা বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, এটি আমাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি।”

ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ লেস্ক্যুর জানান, জিরন্দ অঞ্চলের দাবানলে ১৩ হাজারেরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক প্রতিষ্ঠান সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বা কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দাবানল এখন এমন অঞ্চলের কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে ক্ষেপণাস্ত্র ও রকেট তৈরির কারখানায় বিস্ফোরক উপাদান সংরক্ষণ করা হয়। আগুনের প্রায় ১৯ কিলোমিটারের মধ্যে অন্তত সাতটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা স্থাপনা রয়েছে।

সরিয়ে নেওয়া শহরগুলোর একটি সাঁ-মেদার-আঁ-জাল, যেখানে ইউরোপের আরিয়ান মহাকাশ রকেট এবং ফ্রান্সের কৌশলগত ক্ষেপণাস্ত্রের জন্য প্রপেল্যান্ট উৎপাদনকারী একটি বড় কারখানা অবস্থিত।

এ ছাড়া কাছাকাছি সাঁত-এলেন এলাকায় অবস্থিত আরেকটি কারখানায় অ্যামোনিয়াম পারক্লোরেট উৎপাদন করা হয়, যা কঠিন জ্বালানিচালিত রকেটের প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ অক্সিডাইজার।

দাবানল আরও বিস্তার লাভ করলে এসব কৌশলগত স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে পারে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

সূত্র: রয়টার্স, দ্য টেলিগ্রাফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here