বিডি ভিউজ বাংলা ডেস্ক: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের নয়াদিল্লিতে আগামী ৫ আগস্ট ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে জানানো হয়েছে, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে। একই সঙ্গে এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে এটি সরাসরি সম্প্রচার করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর এটিই হবে তার প্রথম বড় আকারের প্রকাশ্য গণমাধ্যম উপস্থিতি।
অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার অংশ নেবেন বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (IAPC)-এর সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।
ইন্ডিয়া টুডে আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন ঘটে এবং ২০২৬ সালের নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে।
সূত্র: ইন্ডিয়া টুডে











