Home জাতীয় ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে উন্মুক্ত...

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে উন্মুক্ত সাধারণের জন্য

0
33
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে উন্মুক্ত সাধারণের জন্য

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল ৫ আগস্ট উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সংস্কৃতি মন্ত্রী বলেন, বুধবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করবেন। পরে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করবেন এবং সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকসমূহ ঘুরে দেখবেন।

তিনি জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হবে।

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জাদুঘরের মাধ্যমে আন্দোলনের প্রকৃত ইতিহাস, শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ এবং গণমানুষের অংশগ্রহণের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, মানুষের অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিটের ব্যবস্থা থাকবে। বড়দের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here