ন্যাশনাল নিউজ ডেস্ক।বিডি ভিউজ বাংলা
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কুচক্রী মহল যাতে নাশকতা, বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম এবং সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।
র্যাব জানায়, জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রতিটি র্যাব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক পরিকল্পনা তৈরি করেছে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানস্থল ও স্মৃতিস্তম্ভে বিশেষ নিরাপত্তা
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, রোডমার্চ, পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
৪ আগস্ট রাত থেকেই এসব গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়েছে। দায়িত্ব পালনে ইউনিফর্মধারী র্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও নজরদারিতে থাকবেন।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
নাশকতা প্রতিরোধে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি
র্যাব জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।
দেশের বিভিন্ন জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে আগাম নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গুজব ঠেকাতে সাইবার পেট্রোলিং
জুলাই গণ–অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাবের সাইবার টিম অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নজর রাখছে এবং রাষ্ট্রবিরোধী বা উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সর্বোচ্চ প্রস্তুতিতে থাকবে র্যাব
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে বাহিনীটি।












