সিলেটে বাস দুর্ঘটনায় ৯ নিহত, চালকদের গাফিলতিকেই দায়ী করছে পুলিশ
বিডি ভিউজ বাংলা ডেস্ক: সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনায় চালকদের গাফিলতিকেই প্রাথমিকভাবে দায়ী করেছে হাইওয়ে পুলিশ। পুলিশের দাবি, সকালে ফাঁকা মহাসড়কে দ্রুতগতিতে চলছিল দুটি বাস এবং দুই চালকই ‘ঘুমঘুম চোখে’ গাড়ি চালাচ্ছিলেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। দুর্ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেঙ্গল পরিবহনের একটি বাস অন্য একটি যানবাহনকে অতিক্রম করতে গিয়ে বিপরীত লেনে উঠে পড়লে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফাঁকা সড়কে অতিরিক্ত গতি এবং চালকদের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজেও দুই চালককে ‘ঘুমঘুম চোখে’ গাড়ি চালাতে দেখা গেছে বলে পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তে কাজ চলছে।












