ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে বিধানসভা ঘেরাও করতে যাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগ পরীক্ষায় অনিয়মের সংস্কার ও প্রশ্নফাঁসের অভিযোগের তদন্তের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। তারা ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে করে শহরে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঁচির গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যারিকেড বসায় পুলিশ এবং দূরপাল্লার বাসেও তল্লাশি চালানো হয়।
পুলিশ জলকামান ব্যবহার করলে কয়েকজন শিক্ষার্থী পানির তোড়ের সামনে নাচতে থাকেন। এ ঘটনায় ভারতের বিহারের পাটনায় অনুষ্ঠিত নিট আন্দোলনের স্মৃতি ফিরে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লাঠিচার্জের পরিবর্তে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যার সমাধানের কথা বললেও পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এই পদক্ষেপ নেয়।
JPSC ও JSSC পরীক্ষায় অনিয়মের অভিযোগে টানা ১৬ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের অন্যতম দাবি হলো পুরো বিষয়টি সিবিআই দিয়ে তদন্ত করা। অনশনে থাকা শিক্ষার্থী নেতা দেবেন্দ্র মাহাতো ও রবীন্দ্র পাসোয়ান জানান, ১৩টি পরীক্ষার মধ্যে সরকার মাত্র তিনটি পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছে, যা তাদের কাছে যথেষ্ট নয়।
অন্যদিকে ঝাড়খণ্ড সরকার দাবি করেছে, শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডির তলবের পর JPSC-এর তিন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে গত ২২ জুলাই সংস্থাটির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, নিয়োগ পরীক্ষার অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি












