নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আর তার মনোনয়নকে সমর্থন করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেছেন।
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৫:০০
সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১৫:৪২
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। পরে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন।
এরপর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্রে ড. আব্দুল মঈন খানকে প্রস্তাবক এবং গয়েশ্বর চন্দ্র রায়কে সমর্থক হিসেবে নির্ধারণ করা হয়। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষ থেকে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে রাষ্ট্রপতি পদে ভোট হতে পারে।












