জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা দেওয়ার জন্য ছয় মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ করেছেন—এমন দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি।’
শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিদ্যুৎ সংকট সমাধানের প্রস্তাব ইতোমধ্যে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মিলিয়ে ১৫ দফা সমাধান প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, স্বল্পমেয়াদে ৩০ দিন, মধ্যমেয়াদে ৬ থেকে ১৮ মাস এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিদ্যুৎ সংকট মোকাবিলার বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ সরকারের নীতিনির্ধারণী টিমের কার্যকারিতা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে বড় একটি টিম থাকা সত্ত্বেও নাগরিক সমাজ ও বিরোধী দলের প্রস্তাবগুলো সরকারের কাছে যথাযথভাবে পৌঁছায়নি—এটি হতাশাজনক।
মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়নের দাবি
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ বাস্তবায়নের দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
তার দাবি, এই কাঠামোর মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ উৎপাদক সরাসরি বড় শিল্পপ্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারে। এতে দুই পক্ষ নিজেদের মধ্যে দাম নির্ধারণ করবে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিষয়টি অবহিত থাকবে। উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সুযোগও থাকবে বলে তিনি উল্লেখ করেন।
হাসনাতের ভাষ্য, এ ব্যবস্থায় রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। শুধু প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করে এটি বাস্তবায়ন করা সম্ভব।
‘ঘড়িটা বিরোধী দলের নয়, সরকারের’
প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যালেঞ্জ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, বিরোধী দল সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তবে তার দাবি, ‘ঘড়িটা বিরোধী দলের নয়, আপনার সরকারের।’
তিনি আরও বলেন, ছয় মাস পর জনগণ জানতে চাইবে—বিদ্যুৎ সংকটের সমাধান প্রস্তাব থাকলেও ক্ষমতা সরকারের হাতে থাকার পর দেশ কেন অন্ধকারে ছিল।
একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দলের অনুরোধে বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানের দাবিও জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী বিরোধী দলকে আলটিমেটাম বা চ্যালেঞ্জ না দিয়ে সরকারের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করবেন।












