শিক্ষা ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৭ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।’
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, কিউএস রেটিং শুধু উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া উচিত। এটি করা হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালু না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?’
এহছানুল হক মিলন আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গবেষক রয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে নিজেদের জ্ঞান ও মেধা কাজে লাগাচ্ছেন। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা খাতে তাদের যথাযথভাবে খুঁজে বের করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’
সূত্র: দৈনিক ইত্তেফাক












