ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
আপডেট: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ জেলা শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত মেডিকেল কলেজের হোস্টেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি
শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে হোস্টেলে তাসরিফ আহমেদ ও শরীফ উদ্দিন নামের দুই শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ ছিল বলে জানা গেছে।
একপর্যায়ে কথা-কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। পরে শিক্ষার্থীরা দুই পক্ষ হয়ে লোহার রড, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।
আহত যারা
সংঘর্ষে আহত শিক্ষার্থীরা হলেন—তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আবদুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের বক্তব্য
ঘটনার বিষয়ে সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দৈনিক আমার দেশ












