জাতীয় নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। ফলে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ হচ্ছে না।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তাঁর কাছে তখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য ছিল না।
গঙ্গার পানি চুক্তি নিয়ে যা বললেন
গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে।
তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে যাই বলা হোক না কেন, সরকার দেশের জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে।
বাণিজ্য নিয়ে আলোচনা চলছে
বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবির।
তিনি জানান, বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলাপ-আলোচনা চলছে। তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন করে জানানোর মতো আপডেট নেই।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল।
এর আগে সরকারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছিল।














