প্রকাশের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
হরমুজ প্রণালির ১০০ কিলোমিটারের মধ্যে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করার পর ইরানের পক্ষ থেকে এ বক্তব্য দেওয়া হলো। এর মাধ্যমে ওয়াশিংটনের ওই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে তেহরান।
ইরানের বার্তা সংস্থা ফারসের এক প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপকমান্ডারের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, তাহলে এগিয়ে আসুন—আপনাদের একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।’
তিনি আরও বলেন, ওই এলাকায় কোনো মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে এলে ইরানি বাহিনী কী ধরনের জবাব দেবে, তা মার্কিন বাহিনী জানে। গত কয়েক দিনেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এখানে সামরিক উত্তেজনা তৈরি হলে এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে।
ইরানের আইআরজিসির এই হুঁশিয়ারির ফলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উপস্থিতি এবং পারস্পরিক অবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে ইরানের এ বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ফারস নিউজ









