Home আন্তর্জাতিক ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শাহী মসজিদ ভাঙার উদ্যোগ ঘিরে সংঘর্ষ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শাহী মসজিদ ভাঙার উদ্যোগ ঘিরে সংঘর্ষ

0
7
উজ্জয়িনীতে শাহী মসজিদ ভাঙার উদ্যোগ ঘিরে সংঘর্ষ, কাঁদানে গ্যাস-লাঠিচার্জ

উজ্জয়িনীতে শাহী মসজিদ ভাঙার উদ্যোগ ঘিরে সংঘর্ষ, কাঁদানে গ্যাস-লাঠিচার্জ

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ঐতিহ্যবাহী শাহী মসজিদের কিছু অংশ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের সিংহস্থ মেলায় আগত তীর্থযাত্রীদের চলাচল সহজ করতে উজ্জয়িনী শহরের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মোট ২৭২টি স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় প্রায় ১৩৯০ সালের দিকে নির্মিত ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি শাহী মসজিদের প্রার্থনাকক্ষ, একটি মিনার ও সংলগ্ন কিছু অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মসজিদের অংশবিশেষ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) মোতায়েন করা হয়।

এদিকে উজ্জয়িনী পৌর কর্পোরেশনের নোটিশের বিরুদ্ধে করা একটি রিট মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ খারিজ করে দিয়েছিল। জনস্বার্থ ও যানজট নিরসনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ সিদ্ধান্ত দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মসজিদ-সংক্রান্ত বিষয়ে সোমবার নির্দিষ্ট শুনানির দিনও ধার্য ছিল।

ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি। তিনি দাবি করেন, প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনা ভাঙার পরিবর্তে সড়কের অন্য পাশের জমি অধিগ্রহণ করা যেতে পারে। আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় প্রশাসনের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে উজ্জয়িনী পৌর কর্পোরেশনের চেয়ারপারসন কলাবতী যাদবের বক্তব্য, ১২ বছর পরপর শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত সিংহস্থ মেলার জন্য শহরের অবকাঠামো উন্নয়ন জরুরি। কোটি কোটি তীর্থযাত্রীর চলাচল নির্বিঘ্ন করতে সড়ক প্রশস্তকরণ এবং ২৯ কিলোমিটার নতুন ঘাট নির্মাণের প্রয়োজন রয়েছে বলে তিনি দাবি করেন।

মসজিদ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here