Home আন্তর্জাতিক দুবাই-তেল আবিবগামী ফ্লাইদুবাই বিমানে ছিনতাইয়ের আতঙ্ক

দুবাই-তেল আবিবগামী ফ্লাইদুবাই বিমানে ছিনতাইয়ের আতঙ্ক

0
5
দুবাই-তেল আবিবগামী ফ্লাইদুবাই বিমানে ছিনতাইয়ের আতঙ্ক

দুবাই-তেল আবিবগামী ফ্লাইদুবাই বিমানে ছিনতাইয়ের আতঙ্ক, জরুরি অবতরণ সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি যাত্রীবাহী বিমানে বুধবার সকালে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, বিমানের পাইলটদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করেই জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

‘এফজেড১০৭৩’ (FZ1073) নম্বরের ওই ফ্লাইটে শতাধিক ইসরাইলি যাত্রী ছিলেন। উড্ডয়নের পর বিমানটি প্রথমে ‘৭৭০০’ কোড পাঠায়, যা সাধারণ জরুরি অবস্থার সংকেত। পরে সেটি পরিবর্তন করে ‘৭৫০০’ কোড পাঠানো হয়, যা অবৈধ হস্তক্ষেপ বা বিমান ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। তবে কিছুক্ষণ পর বিমানটি আবার ‘৭৭০০’ জরুরি কোডে ফিরে আসে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার তথ্য অনুযায়ী, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলি বিমান বাহিনী যুদ্ধবিমান প্রস্তুত রাখে এবং সতর্কাবস্থা জারি করে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি নিরাপত্তাবৈঠকও করেন।

বিমানটি সৌদি আরবে অবতরণের পর ইসরাইলি আকাশসীমা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পরে সেটি আবার খুলে দেওয়া হয়।

ইসরাইলি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময়ে নিশ্চিত হওয়া যায় যে এটি কোনো বিমান ছিনতাইয়ের ঘটনা ছিল না। মূলত বিমানের ভেতরে পাইলটদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করেই জরুরি পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সৌদি আরবে অবতরণের পর বিমানের ক্রুদের জিজ্ঞাসাবাদ এবং বিমানটি তল্লাশি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট, ওয়ালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here