ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সামরিক সমাধান নেই: আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৪ অক্টোবর ২০২৬, ৫:৪৭ PM
আপডেটের তারিখ: ৪ অক্টোবর ২০২৬, ৫:৪৭ PM
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তেহরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেও এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক ভাষণে আরাগচি এসব কথা বলেন।
আরাগচি বলেন, “এর কোনো সামরিক সমাধান নেই এবং আরও নিষেধাজ্ঞা আরোপের ওপর ভিত্তি করেও কোনো সমাধান পাওয়া যাবে না।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল আলোচনা, ন্যায়বিচার ও কূটনৈতিক মর্যাদাবোধের ভিত্তিতে নেওয়া পদক্ষেপই বর্তমান পরিস্থিতির মোকাবিলা করতে পারে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ ও বেআইনি আগ্রাসনের অবসান ঘটিয়ে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানোর পথও তৈরি করতে পারে কূটনৈতিক উদ্যোগ।
তবে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পথ বেছে নিলে ইরান আরও জোরালোভাবে নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন আরাগচি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময়ে কৌশলগত জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালীর নৌ-চলাচলও কার্যত বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে মার্কিন সেনাবাহিনী ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে। গত ১৮ জুন স্বাক্ষরিত একটি কাঠামোগত চুক্তির পর থেকে সংঘাত অবসানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি













