রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ, ১০ জনের মৃত্যু
জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৬ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ক্যাম্পগুলোতে ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে কক্সবাজার জেলায় মোট ৫ হাজার ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৮৮২ জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ক্যাম্পে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন শিশু। অন্য চারজন বয়স্ক নারী ও পুরুষ।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা। একই সময়ে ২৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি জনস্বাস্থ্য পরিস্থিতির জন্য নতুন করে উদ্বেগ তৈরি করছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক














