ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা চেয়েছে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক | BD Views Bangla
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১০ নভেম্বর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা কথিত ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষের পূর্বানুমতি বা ছুটি ছাড়া যেসব শিক্ষক ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাঁদের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সব বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদের দপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাঁদের নামের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে ধর্মঘটের দিন শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তবে তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চিঠিতে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
সূত্র: বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি ও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য।












