স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের অংশ হিসেবে রাজধানীর গুলশানে তার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুদকের কর্মকর্তারা ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে ভেতরে থাকা মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেন।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানের প্রথম দিনে দুটি ফ্ল্যাট থেকে ৩০০টি কোট, ৫৩২টি টাই, রোলেক্সের ৪টিসহ মোট ৮টি ঘড়ির বাক্স, ৩ সেট মুক্তার গহনা, ৪টি ঝাড়বাতি, বেড, সোফা এবং ১০০ সেট কামিজ তালিকাভুক্ত করা হয়েছে।
দুদক জানিয়েছে, আগামীকালও তালিকা তৈরির কার্যক্রম চলবে। এরপর সব মালামালের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর আগে গত ২ জুলাই, দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আদালতের নির্দেশ অনুসারে গুলশানের ওই দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ গ্রহণ করবে দুদক।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আদালত সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে ‘রিসিভার’ হিসেবে নিয়োগ দিয়েছেন।










