স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা, লাঠিচার্জ এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আন্দোলনকারীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের তরুণদের সংগঠন জাতীয় যুবশক্তি (এনসিপি)। একই সঙ্গে আন্দোলনরত তরুণ-তরুণীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।
সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় যুবশক্তি এ উদ্বেগ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ, সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার নাগরিকের মৌলিক স্বাধীনতার অংশ। বলপ্রয়োগ বা দমনমূলক ব্যবস্থা কোনো আন্দোলনের স্থায়ী সমাধান হতে পারে না। মতপার্থক্যের সমাধান সংলাপ, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
সংগঠনটি জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষাব্যবস্থার অনিয়ম ও পাবলিক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে তরুণ-তরুণীরা আন্দোলনে অংশ নেন। সেখানে পুলিশি বলপ্রয়োগ, লাঠিচার্জ এবং নেতাকর্মীদের আটক করার ঘটনা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
জাতীয় যুবশক্তি মনে করে, তরুণদের ন্যায়সঙ্গত দাবি দমন না করে গঠনমূলক সংলাপের মাধ্যমে তাদের বক্তব্য শোনা হলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়।
বিবৃতিতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় বলপ্রয়োগের অভিযোগ পর্যালোচনা করে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
সংগঠনটি আরও বলেছে, ন্যায়, জবাবদিহিতা ও মানবিক মর্যাদার পক্ষে পরিচালিত যেকোনো আন্দোলন শুধু একটি দেশের বিষয় নয়; বরং তা বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধের অংশ।










