Home জাতীয় নারী কেলেঙ্কারি: এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পথে জামায়াত

নারী কেলেঙ্কারি: এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পথে জামায়াত

0
3
নারী কেলেঙ্কারি: এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পথে জামায়াত

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

নারী কেলেঙ্কারির অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে জমা পড়েছে। সেই প্রতিবেদন পর্যালোচনার জন্য আজ (বুধবার) দলটির নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ার পরই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় জামায়াতে ইসলামী। এরপর একাধিক টিমের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দলীয় সূত্রের দাবি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “যেকোনো অনৈতিকতা ও অপরাধের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নৈতিক প্রশ্নে কে এমপি থাকলেন বা না থাকলেন, তা আমাদের কাছে বিবেচ্য নয়।”

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকেই অভিযোগের বিষয়ে দলীয় পর্যায়ে বিষয়টি স্পষ্ট হতে শুরু করে। এরপর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের অভ্যন্তরে চাপ সৃষ্টি হয়। ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থার নেতারাও এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সূত্র আরও জানায়, শুধু সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভূমিকা নয়, সাতক্ষীরা জেলা জামায়াতের সাংগঠনিক ভূমিকার বিষয়টিও মূল্যায়ন করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তদন্ত-সংক্রান্ত বিষয় নিয়ে আজ একটি বৈঠক রয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত দ্রুত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত এখনও প্রকাশ করা হয়নি। নির্বাহী পরিষদের বৈঠকের পর দল আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here