আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের আজরাকে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানের ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর আবাসন ও কল্যাণ ভবন এবং সরঞ্জাম গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়া বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম গুদাম ও বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারেও হামলার দাবি করেছে তেহরান।
অন্যদিকে, আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত আরেক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, কুয়েতের ক্যাম্প দোহা সামরিক স্থাপনায়ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সেখানে থাকা গোলাবারুদের ডিপো ও স্থলবাহিনীর রসদ সরঞ্জাম লক্ষ্যবস্তু ছিল।
তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র, জর্ডান, বাহরাইন বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। স্বাধীনভাবে ইরানের দাবিও যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: ডন (Dawn)












