নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজনৈতিক সংলাপ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট। এনসিপির পক্ষ থেকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ, দলের রাজনৈতিক দর্শন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
দলটির নেতারা সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনগণের মধ্যে থাকা বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ তুলে ধরেন। জবাবে মার্কিন রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল চুক্তিটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানান এবং এটি ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন।
এছাড়া গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এনসিপি নেতারা সরকারের গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশগ্রহণ না থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠক শেষে নাহিদ ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অন্যদিকে সংবাদ ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দুই দেশের সম্পর্ক এবং সংস্কার উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।












