আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিয়ে চলা আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের ‘এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফ্যাসিলিটি (Exchange Stabilization Facility)’ সহায়তা তহবিল চেয়েছে পাকিস্তান। বুধবার (২২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান পাঁচ বছর মেয়াদি ১০ বিলিয়ন ডলারের একটি দ্বিপাক্ষিক স্থিতিশীলতা সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কাছে চিঠি পাঠিয়েছে।
এই আবেদন অনুমোদিত হলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রুপির ওপর চাপ কমবে এবং বহুপাক্ষিক ঋণের ওপর নির্ভরতা হ্রাস পাবে বলে আশা করছে ইসলামাবাদ।
বর্তমানে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। এই কর্মসূচির শর্ত অনুযায়ী দেশটিকে কর বৃদ্ধি, সরকারি ব্যয় সংকোচনসহ বিভিন্ন অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করতে হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের এই অনুরোধ এসেছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে কূটনৈতিক মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা পালনের পরপরই। এতে দেশটির আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে মার্কিন ট্রেজারি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ও রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি।
এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানের অর্থনীতির ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশ ও ক্রেডিট রেটিং উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়।












