Home অন্যান্য শিক্ষা চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

0
8
চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতি এবং বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রকৌশল সংগঠনের ফেলো সদস্য।

নতুন নিয়োগের মাধ্যমে তিনি চুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক সায়েম ১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা এবং মাতা চেমন আরা বেগম।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় ২২ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, বিদেশে থেকে ব্যক্তিগতভাবে আরও অনেক কিছু অর্জনের সুযোগ থাকলেও তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং চুয়েটকে বিশ্বমঞ্চে আরও সুপরিচিত করতে দেশে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। ভিসি হিসেবে নতুন দায়িত্ব নিয়ে চুয়েটকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই। এজন্য আমি চুয়েট পরিবারের সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

তথ্যসূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন (২৭ জুলাই) এবং সংশ্লিষ্ট তথ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here