Home জাতীয় একরাম হত্যা মামলায় চার্জশিটভুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

একরাম হত্যা মামলায় চার্জশিটভুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

0
36
একরাম হত্যা মামলায় চার্জশিটভুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা চার্জশিটভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ র‌্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় সেনাবাহিনীতে তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল।

গত রোববার একরামুল হককে কথিত ‘ক্রসফায়ারের’ নামে মানবতাবিরোধী অপরাধের আওতায় হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। পরে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে মামলার অন্যান্য আসামির পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তদন্ত কমিশনের অনুরোধে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তথ্যসূত্র: আইএসপিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here