Home জাতীয় সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর...

সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

0
10
সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক।

মামলার নথি অনুযায়ী, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তাকে নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই সম্পদ বিবরণী দাখিল করেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৪ আগস্ট উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে মামলার সাতজন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তথ্যসূত্র: আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here