আন্তর্জাতিক নিউজডেস্ক, বিডি ভিউজ বাংলা:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিচার্ডসনে অবস্থিত একটি ব্যাপটিস্ট চার্চ কিনেছে মুসলিম শিক্ষা ও দাওয়াহভিত্তিক সংগঠন সালাহউদ্দীন ফিউচার একাডেমি (SAFA)। আইনি জটিলতা নিষ্পত্তির পর প্রতিষ্ঠানটি চার্চ প্রাঙ্গণকে ইসলামিক স্কুল, আবাসিক সেমিনারি এবং মসজিদে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে।
এসএএফএ একটি কে–১২ (K-12) শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের লক্ষ্য হলো প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে ইসলামিক জ্ঞানকে সমন্বয় করা। এর মাধ্যমে সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি কোরআন ও হাদিসের শিক্ষা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, রিচার্ডসনের ওই সম্পত্তিটি কোরিয়ান ওয়ার্ল্ড মিশন ব্যাপটিস্ট চার্চ-এর কাছ থেকে কেনা হয়েছে। চার্চটি ১৯৯২ সাল থেকে ওই সম্পত্তির মালিক ছিল এবং সেখানে খ্রিষ্টধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল।
নতুন পরিকল্পনা অনুযায়ী, এসএএফএ’র পাশাপাশি অথেনটিক ইলম মিশন (AIM) যৌথভাবে সেখানে দাওয়াহ একাডেমি অ্যান্ড সেমিনারি চালু করবে। আয়োজকদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় পর্যায়ের আবাসিক দাওয়াহ সেমিনারি হতে যাচ্ছে, যেখানে ইসলামিক স্টাডিজে উচ্চশিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।
এক বিবৃতিতে এসএএফএ জানায়, তাদের লক্ষ্য হলো এমন যোগ্য ও নীতিবান নেতৃত্ব তৈরি করা, যারা জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে ইসলামের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এআইএম-এর এক বক্তা বলেন, যে স্থানে একসময় খ্রিষ্টধর্ম প্রচারের প্রশিক্ষণ দেওয়া হতো, সেটিই এখন মুসলিম শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস এক্সপ্রেস জানিয়েছে, সম্পত্তি কেনাবেচা নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে এসএএফএ ও চার্চ কর্তৃপক্ষের মধ্যে আইনি বিরোধ তৈরি হয়। অভিযোগ ছিল, ৩.৮ মিলিয়ন মার্কিন ডলারে সম্পত্তি কেনার চুক্তির পর ৩৮ হাজার মার্কিন ডলার অগ্রিম দেওয়া হলেও পরবর্তী প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়। পরে আইনি সমস্যা সমাধানের পর সম্পত্তি হস্তান্তর সম্পন্ন হয়।
ধর্মীয় প্রতিষ্ঠান পরিবর্তনের এই ঘটনা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্পত্তি ব্যবহার ও সম্প্রসারণের একটি আলোচিত উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।












